উত্তরায় ৫০ লাখ টাকার অবৈধ মোবাইল-সরঞ্জাম উদ্ধার

৫ জানুয়ারি, ২০২০ ১৮:৩৬  
রাজধানীর উত্তরা থেকে প্রায় ৫০ লাখ টাকার অবৈধ মোবাইল হ্যান্ডসেট-সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যটেলিয়ান-৭ পরিচালিত এই যৌথ অভিযানে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) বিটিআরসি সূত্র এ তথ্য জানিয়েছে। বিটিআরসি জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থাটির এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন ডিরেক্টরেটের পরিচালক এম এ তালেব হোসেন তত্ত্বাবধানে র‌্যাবের নির্বাহী ম্যাজেস্ট্রট সারওয়ার আলম ও এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন ডিরেক্টরেটের উপ-পরিচালক এসএম গোলাম সারোয়ারের নেতৃত্ব এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে জব্দকৃত অবৈধ ও নকল মোবাইল হ্যান্ডসেট ও সরঞ্জামগুলো সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করার আদেশ দেন ভ্রাম্যমান আদালত। সূত্রমতে, উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্স ও আমীর কমপ্লেক্সে নকল ও অণুমোদনবিহীন এবং রাজস্ব ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা ১৬টি মোবাইল হ্যান্ডসেট বিক্রয়কারী প্রতিষ্ঠানে গত ৩০ ডিসেম্বর অভিযান চালানো হয়।  অভিযানে ১৮৭টি অবৈধ ও নকল মোবাইল হ্যান্ডসেট ও ট্যাব, ৪টি নকল স্মারাটওয়াচ, ২৪টি নকল মেমরি কার্ড এবং ৯টি নকল আইএমইআই স্টিকার জব্দ করা হয়। এর বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ লাখ টাকা।